ফাইভ জি ওয়্যারলেস রাউটার আনলো জেডটিই

১ আগষ্ট, ২০১৯ ১২:০৮  
মধ্যপ্রাচ্যে প্রথম ফাইভ জি ওয়্যারলেস রাউটার উন্মোচন করলো এন্টারপ্রাইজ ও কনজ্যুমার টেকনোলজি সল্যুশন সেবাদাতা প্রতিষ্ঠান জেডটিই করপোরেশন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ ক্যারিয়ার ডিউ- এর যৌথ অংশীদারিত্বে ‘জেডটিই ৫জি ইনডোর রাউটার এমসি৮০১’ মডেলের রাউটারটি অবমুক্ত করা হয়। এটি ওয়াই-ফাই ৬ প্রযুক্তিতে (৮০২.১১ এএক্স) কাজ করে এবং সর্বোচ্চ ১২৮ জন ওয়াইফাই ব্যবহারকারীকে একসাথে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ দেয়। রাউটারটির ১০জি ইথারনেট নেটওয়ার্ক পোর্টের ডাউনলিঙ্ক রেট হবে প্রায় ২.৮জিবিপিএস। প্রসঙ্গত, বিশেষ সুবিধাজনক নকশার কারণে জেডটিই ৫জি ইনডোর রাউটার এমসি৮০১ আইএফ ডিজাইন অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করেছে। এর দ্রুতগতি, ল্যাটেন্সির হ্রাস ও বিস্তৃত কাভারেজ শুধুমাত্র মোবাইল ব্রডব্যান্ড ক্ষেত্রেই গ্রাহকদের চমৎকার অভিজ্ঞতাই নিশ্চিত করবে না পাশাপাশি, যানবাহন, স্মার্ট গ্রিড ও ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং-এ ইন্টারনেটে ফাইভ জি ব্যবহার এবং ইন্টারনেট অব থিংস’র ব্যবহার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।